কবিতা · প্রেমের
আড়াল চোখের মায়া
২৩/১০/২০২৬
একই ছাদের নীচে তবু যোজন খানেক আড়ি,
নীরবতায় বাঁধা পড়ে কাজের চেনা বাড়ি।
রোজই তোমায় দেখতে পাওয়া, চোখাচোখি হয়,
ঠোঁটের কোণেই থমকে দাঁড়ায় শব্দেরা সব ভয়।
কাজের ফাঁকে, ভোজের ছলে পাশাপাশি বসে,
কণ্ঠে তবু এলো না সুর হিসাব কষে কষে।
হাত বাড়ালেই নাগাল মেলে, তবুও ব্যবধান,
না-বলা সেই কথার ভারেই নীরব অভিমান।
কাজল কালো হরিনী চোখ, লাজুক আঁখিপাত,
এক পলকের ইশারাতেই থমকে দাঁড়ায় রাত।
হঠাৎ চোখে চোখ পড়লেই নামিয়ে নেওয়া মুখ,
আড়াল করা চাহনিতেই লুকিয়ে থাকে সুখ।
সবার ভিড়ে উচ্ছলতায় যখন বলো কথা,
দূর হতে তা দেখেই কাটে আমার নীরবতা।
প্রাণখোলা সেই হাসির ছটায় কী যে অচিন মায়া!
চোখের তারায় জড়িয়ে থাকে অদ্ভুত এক ছায়া।
কাছে থেকেও দূরের মানুষ, চেনা তবু পর,
পলক ফেলার ছলেই কাটে রোজকার প্রহর।
নাইবা হলো কথার বদল, নাইবা মিলল ভাষা,
আড়াল চোখের মায়াটুকুই নিত্য যাওয়া আসা।
-রিদুয়ান হৃদয়
দুই হাজার ছাব্বিশের পনেরো অক্টোবর রাত