← রিদুয়ান হৃদয়
কবিতা · প্রেমের

নিস্তব্ধতা

হঠাৎ যখন চেনা মানুষ অচেনা হয়ে যায়, চোখের সামনে প্রিয় মুখটি অন্য ছায়া পায়। বুকের ভেতর নিস্তব্ধতা, বোবা হয়ে যায় মন, বুঝতে পারি, কেউ তো কারো নয়রে আজীবন। কত স্বপ্নই দেখায় মানুষ, সারাজীবন পাশে থাকার, কত শত স্মৃতি গড়ে, মিথ্যে সে সব অঙ্গীকার। অথচ কত সহজেই তারা ছুঁড়ে ফেলে দেয় দূরে, জমানো সব রঙিন স্মৃতি কাঁদে আজ ভাঙা সুরে। কথা দিয়ে কথা না রাখার দৃশ্য কত শত! স্মৃতিগুলো জমতে থাকে বুকের ভেতর ক্ষত। খুব আপন যে ছিল কাল, আজ সে ভীষণ পর, অগোচরেই ভেঙে যায় যে ভরসা নামের ঘর। সত্যি বটে, কেউ তো কারো জন্য মরে না, তবু কেন মনটা এই শূন্যতা ভোলে না? বেঁচে তো থাকি, শ্বাস নিই ঠিক, নিয়ম মেনে রোজ, শুধু নীরব হয়ে যাওয়া মানুষটার কেউ রাখে না খোঁজ। ভাবুকেরা বলে, কেউ কারো নয়, একাই এ পথ চলা, তবুও কেন এত মায়া জমে, কেন এত কথা বলা! কেউ মরে না ঠিকই, শুধু নিঃস্ব হয় অন্তর, নিস্তব্ধতার চাদর মুড়িয়ে জ্যান্ত মানুষ হয় পাথর।
সব লেখাহোমপেজ