← রিদুয়ান হৃদয়
কবিতা · প্রতিবাদী

দুর্ভোগের আর সীমা নাই

২০ সেপ্টেম্বর ২০২৬
মিথ্যে কথার ফানুস ওড়ে, আসল কথার পাত্তা নাই, অন্ধকারের রাজত্বতে, আলোর কোনো দেখা নাই। ভুতুড়ে বিল ঘাড়ের ওপর, পকেটে আজ টাকা নাই, খাম্বা আছে, বিদ্যুৎ নেই, দুর্ভোগের আর সীমা নাই! কাগজ ভরে হিসেব আসে, ব্যবহারের মিল তো নাই, সিন্ডিকেটের পকেট ভারী, সাধারণের রক্ষে নাই। ঘামে ভেজা আমজনতার, শান্তি নামের শব্দ নাই, লাইন আছে, গ্যাস নেই, দুর্ভোগের আর সীমা নাই! মঞ্চে উঠে ভাষণ লম্বা, কাজের বেলায় খবর নাই, আশার বাণী শুনতে শুনতে, ধৈর্য কারো আর তো নাই। মেগা প্রজেক্ট কেবল দেখি, সুরাহা তো কিচ্ছু নাই, নেতা আছে, নীতি নেই, দুর্ভোগের আর সীমা নাই! সহ্যসীমার বাঁধ ভেঙেছে, চুপটি থাকার সময় নাই, জবাবদিহির জায়গা ছাড়া, বাঁচার কোনো উপায় নাই। অধিকারের দাবি ছাড়া, অন্য কোনো রাস্তা নাই, আইন আছে, বিচার নেই, দুর্ভোগের আর সীমা নাই! -রিদুয়ান হৃদয় দুইহাজার ছাব্বিশের বিশ সেপ্টেম্বর
সব লেখাহোমপেজ