কবিতা · প্রেমের
তিনশো ফুটের দেয়াল
তোমার চোখের ওই শূন্য অবকাশ,
আমার দুচোখে তাহা কর্তব্যের ত্রাস।
তুমি দেখো ব্যবধান অভিমানে চেয়ে,
কঠিন বাস্তব আসে দিকে দিকে ধেয়ে।
লঙ্ঘিবার সাধ্য নেই, পাষাণ এ কাল,
তিনশো ফুটের সেই অদৃশ্য দেয়াল।
আমারও বাসনা জাগে ডানা মেলি তাই,
তোমার স্বপ্নের সাথে স্বপ্ন বুনে যাই।
হাতে হাত রাখি আর শুনি সেই সুর,
একসাথে পাড়ি দিই অনন্ত সুদূর।
অবাধ্য হৃদয় চায় প্রেমের আস্বাদ,
বাস্তব বিছিয়ে রাখে কঠিন বিষাদ।
ইচ্ছেরা বিলীন হয় বাস্তবের তলে,
কর্তব্য পিষিয়া মারে নিয়তির কলে।
তাই তো থমকে যাই, বুকে হাহাকার,
সম্মুখে দাঁড়িয়ে এই পাষাণ-পাহাড়।
দু’জনের মাঝখানে রুক্ষ এক কাল,
তিনশো ফুটের সেই অদৃশ্য দেয়াল।