কবিতা · প্রেমের
বাতাসে তোমার সুবাস
১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামের চেনা পথ ধরে ইস্পাতে গড়া প্রস্থান,
আগে তো কখনো বুকে জাগেনি এমন অবুঝ পিছুটান।
নিশ্ছিদ্র অমানিশা চিরে আজ ধাতব রবে ট্রেন যায়,
পাশের শূন্য আসনটি আজ নীরবে কার প্রতীক্ষায়!
খোলা গবাক্ষে বাড়িয়ে দিয়েছি ব্যাকুল এ করতল,
অন্ধকারকে ছুঁতে গিয়ে দেখি হাওয়াও বড় চঞ্চল।
আচমকা এক স্নিগ্ধ সমীরণ ছুঁয়ে দিয়ে যায় প্রাণ,
মাতাল করা সে শীতল বাতাসে কেবলই তোমার ঘ্রাণ।
অদূরে মিটমিটে আলোর বিন্দু ছড়ায় যে মায়াজাল,
জোনাক ভেবেই ভুল করেছি, দেখিনি জেলের হাল।
কাছে যেতে দেখি নদীর বক্ষে একা চেরাগটি জ্বলে,
ভ্রম আর সত্য এভাবেই বুঝি জীবনের কথা বলে।
আবছা মেঘের চাদর গায়েতে পাহাড়ও একাকার,
প্রকৃতির এই মহামিলনে ঘুচে সব অহংকার।
সিলেটের এই দীর্ঘ যাত্রায় এ কেমন মায়া ঘোর,
অদৃশ্য এক সুতোর টানেতে তুমিই আমার ভোর।
-রিদুয়ান হৃদয়
দুই হাজার ছাব্বিশের এগারো সেপ্টেম্বর ভোর পাঁচটা, শ্রীমঙ্গল