← রিদুয়ান হৃদয়
কবিতা · প্রেমের

স্মৃতির আঙিনায়

তোমার টানে আসবো নেমে তোমার চেনা পথে, তপ্ত রোদে ছায়া হবো স্নিগ্ধ মেঘের রথে। সবুজ পাহাড় ছুঁয়ে আসা শান্ত শীতল বায়, আসবো আমি তোমার কাছে প্রেমের বারতায়। মাতাল করা নদীর স্রোতে আসব আমি ভেসে, অঝোর ধারার বৃষ্টি হয়ে ভিজিয়ে দেবো শেষে। নীল সমুদ্রের বিশালতায় ঢেউয়ের কলতানে, খুঁজবে যবে আমায় তুমি তোমার শূন্য প্রাণে। শরৎকালের শান্ত ভোরে শিশির ভেজা ঘাসে, সাদা বকের উড়াল হবো নদীর আশেপাশে। গ্রামের মেঠো পথের বাঁকে ঝরা পাতার দলে, আসবো আমি তোমার কাছে প্রেমের কত ছলে। হেমন্তেরই আমন্ত্রণে নবান্নেরই ঘ্রাণে, শীতের ভোরে কুয়াশাতে ছোঁবো তোমার প্রাণে। ফাল্গুনেতে কৃষ্ণচূড়া বসন্তেরই ডালে, ফুটবো আমি তোমার মনের রঙিন মায়ার জালে। আমাদের ঠিক দেখা হবে স্মৃতির আঙিনায়, কিংবা কোনো রঙিন স্বপ্নে ঘুমের নিরালায়। প্রকৃতির এই প্রতিটি রূপ আমারই যে ছায়া, নদী পাহাড় সমুদ্র আর তোমার জন্য মায়া। সবুজ পাতা ঘাসের বুকে আমিই রবো মিশে, খুঁজে আমায় নিও তুমি অনন্ত এক শেষে।
সব লেখাহোমপেজ