কবিতা · প্রেমের
অপূর্ণতা
৩ সেপ্টেম্বর ২০২৬
আমাদের দূরত্বটুকু ঠিক ততটাই মায়াবী,
মহাশূন্যে যতটা ব্যবধানে বাঁচে চাঁদ আর পৃথিবী।
মাঝখানে বিস্তীর্ণ এক অনন্ত, গাঢ় শূন্যতা,
তবুও তোমায় ঘিরেই আবর্তিত আমার সমস্ত নীরবতা।
তুমি হেঁটে চলো তোমার নিজস্ব এক নক্ষত্রপথে,
আমি নিরুপায় যাত্রী, আমার একাকীত্বের রথে।
জ্যোৎস্না এসে ছুঁয়ে যায়, দূর থেকেই চোখে কথা হয়
শুধু হাত বাড়িয়ে তোমাকে ছোঁয়ার অধিকারটুকু নয়।
তবুও এক অদৃশ্য মায়ায় আমরা বাঁধা পড়েছি চিরকাল,
মহাজাগতিক টানে বুনেছি এক অদ্ভুত মায়ার জাল।
কাছে আসার সাধ্য নেই, নেই কোনোই উপায় আর,
তবুও তুমিই আমার নৈশাকাশের পরম অহংকার।
আমাদের দূরত্বটা ঠিক চাঁদ আর পৃথিবীরই মতো,
অসীম ব্যবধানেও এই প্রেমের গভীরতা বাড়ে অবিরত।
দূর থেকে, ঠিক এভাবেই অনন্তকাল ভালোবেসে যাবো আমি,
কারণ না ছোঁয়ার আক্ষেপে ঘেরা এই দূরত্বটাই ভীষণ দামি।
-রিদুয়ান হৃদয়
দুই হাজার ছাব্বিশের তিন সেপ্টেম্বর রাত তিন টা, আনোয়ারা।